বিজয়ের বাউন্ডারি হাকালেন পলক

৭ জানুয়ারি, ২০২৪ ১৯:১৫  

দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৬০ নাটোর- ৩ সিংড়া আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে ফের বিজয়ী হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের ‘ঈগল’ মার্কার চেয়ে প্রায় ৯৩ হাজার ভোটের ভোট বেশি পেয়ে তিনি প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন। আর এর মাধ্যমে তিনি পর পর চার বার বিজয়ী হয়ে বাউন্ডারি হাকালেন।

বিজয়ী হওয়ার পর পলক বলেছেন, আমি আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী সিংড়ায় সুশাসন ও ‍উন্নয়নের পাশাপাশি রাজনীতিতে গুণগত মান উন্নয়ন করবো। কর্মী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। আজ থেকে আমি কোনো দল বা গোষ্ঠীর নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের জনপ্রতিনিধি হিসেবে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। যারা গালি দিয়েছে, আঘাত করেছে তাদের ভালোবাসা দিয়ে সকলের জন্য সিংড়াকে স্মার্ট, নান্দনিক ও মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলবো।

এর আগে রবিবার রাতে প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম মজুমদার জানিয়েছেন, ভোটে সিংড়া আসনে ৫৮% ভোটার ভোট দিয়েছেন। তবে কাস্টিং হিসেবে ৫৯ শতাংশ মানুষ প্রতিমন্ত্রীর পক্ষে রায় দিয়েছেন।

সূত্রমতে, মোট ১৩টি কেন্দ্রে ৩ লাখ ৮ হাজার ৮০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭২৫ ভোটার। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৭০৬ ভোট পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট। প্রতিদ্বন্দ্বী থেকে পলকের ভোট ব্যবধান ৯২ হাজার ৬৮৭।

এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ২৭ হাজার ৯৮৭ ভোট, ১০ম সংসদীয় নির্বাচনে ৮০ হাজার ৬৮৮ এবং একাদশে ২৩ লাখ ৩২৭ ভোট পেয়েছিলেন নৌকার মাঝি জুনাইদ আহমেদ পলক।